কারখানায় কাজে গিয়ে স্ত্রীর ‘পরকীয়া’, ‘প্রেমিক’কে গ্রেপ্তার করিয়ে স্ত্রীকে খুন পলাতক স্বামী

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

কারখানায় কাজে গিয়ে স্ত্রী জড়িয়ে পড়েন ‘পরকীয়া’ সম্পর্কে। এ নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ চরমে পৌঁছোয়। ঠিকাদারের বিরুদ্ধে ডোমজুড় থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন মহিলা। তার ভিত্তিতে ঠিকাদার গ্রেফতারও হন। ‘প্রেমিক’কে জেলে ভরিয়ে স্ত্রীকে খুন করে বেপাত্তা স্বামী! ডোমজুড়ে চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের বাসিন্দা রাহুল শেখ ও তাঁর স্ত্রী হাওড়ার একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন। ওই কারণেই জালান কমপ্লেক্স এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন । কিন্তু কাজে গিয়ে ঠিকাদার রোশন কুমারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মহিলা। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর ঝামেলার সূত্রপাত। স্বামীর চাপে বাধ্য হয়ে ঠিকাদারের বিরুদ্ধে ডোমজুড় থানায় মঙ্গলবার শ্লীলতাহানির অভিযোগ করেন মহিলা। পুলিশ ঠিকাদারকে গ্রেফতার করে। কিন্তু এরপরেও স্বামী-স্ত্রীর ঝামেলা থামেনি। বুধবার ঘর থেকে স্ত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে স্বামী রাহুল শেখ পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক সন্দেহ এটা খুনের ঘটনা। যেহেতু স্বামী পলাতক তাই অভিযোগের তীর স্বামীর দিকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পরকীয়া সম্পর্কের জেরেই এত বড় ঘটনা ঘটে গেল। তদন্তের মধ্যেই পুলিশের অনুমান, ঠিকাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে রাহুল চাপ দিয়ে থাকতে পারে। তবে তারপরেও দম্পতীর অশান্তি থামেনি। এরপরেই স্ত্রীকে খুন করে পালিয়েছে যুবক। তদন্ত চলছে। নিখোঁজ যুবকের সন্ধানে এলাকাতেও খোঁজ নেওয়া হচ্ছে। একটি টিম গঠন করা হচ্ছে। প্রয়োজনে অন্য জেলাতেও যাওয়া হবে এমনটাই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *