এসআইআর’এ বাদ ভারত সেবাশ্রমের নিমাই মহারাজের ক্ষুব্ধ মমতা

রাজন্যা নিউজ ব্যুরো গঙ্গাসাগর

মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এসআইআর প্রক্রিয়ায় তিনি যে নাম তুলতে পারেননি, সে কথা তুলে ধরলেন ভারত সেবাশ্রম সংঘের সাধু নিমাই মহারাজ। আর সেটাকে অস্ত্র করেই কপিলমুনির আশ্রমে দাঁড়িয়ে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনা করতে সোমবার গঙ্গাসাগরে এসেছেন মুখ্যমন্ত্রী। প্রথমে হেলিপ্যাডে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেন তিনি। তারপর যান ভারত সেবাশ্রম সংঘ এবং কপিলমুনির আশ্রমে। ভারত সেবাশ্রম সংঘের সাধু নিমাই মহারাজ মুখ্যমন্ত্রীকে বলেন, যে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে নিজের নাম তুলতে পারেননি তিনি। রাজ্যের বহু মানুষ এমন রয়েছে এই প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে। সেই তালিকায় রয়েছেন তিনিও। বিষয়টি শোনার পর সেখালে এই নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কপিলমুনির আশ্রমে এসে এই প্রসঙ্গ তুলে ধরে এই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
সাংবাদিকের প্রশ্নের উত্তরের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এসআইআর নিয়ে যা হচ্ছে তা অন্যায় হচ্ছে। শুনলেন তো, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তাঁর নামটাও কেটে দিয়েছে। অনেক মহারাজ আছেন, তাঁদের নামও কেটে দিয়েছে। সাধু সন্তদের নামও বাদ গেছে…সাধারণ মানুষের সঙ্গে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় কাজ করছে কেউ। মাস্টার যা বলছেন তাই করছেন। প্রভুর যা নির্দেশ তাই পালন করছেন। এটা অন্যায় হচ্ছে মানুষের সঙ্গে। এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয়, করবও না।’
প্রসঙ্গত, এদিন গঙ্গাসাগর থেকেই এসআইআর নিয়ে আদলতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার সরাসরি ভারত সেবাশ্রম সংঘের সাধু মহারাজের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রতিবাদের ক্ষেত্রে নতুন অস্ত্র হাতে পেয়ে যান বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিশানা করে বলেন, দীর্ঘদিন চেষ্টা করেও গঙ্গাকে কেউ এক পয়সাও দেয় না! মমতার কথায়, ‘বারবার বলেও যারা দেয় না, তাদের কাছে আমি ভিক্ষা চাই না।’ রাজ্য সরকার এই সেতু নির্মাণে উদ্যোগী হওয়ায় খুশি এলাকার সাধু-সন্তরা। এদিন গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের প্রধান পুরোহিত সঞ্জয় দাস বলেন, ‘প্রতি বছর রাজ্যের মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা পরিদর্শন করতে আসেন, এ বছরও এসেছেন। এ বছরের গঙ্গাসাগর দ্বীপবাসীদের জন্য বাড়তি পাওনা গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর এলাকার মানুষরা এই সেতু হলে যেমন উপকৃত হবেন তেমনই বহু পুণ্যার্থী উপকৃত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *