মহেশতলায় বিএলও’কে শোকজ করল কমিশন
রাজন্যা নিউজ, কলকাতা মহেশতলা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর পাটের বিএলও ফরিদা খাতুন’কে শোকজ করল কমিশন। অভিযোগ, তিনি ভোটার তালিকা সংশোধনের জন্য ফর্ম বিলি করলেও পূর্ণ করা প্রায় ৪০০ ফর্ম জমা দেননি।
ফলে এলাকায় ভোটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাঁদের নাম ঠিক সময়ে তালিকায় অন্তর্ভুক্ত হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বর্তমানে দায়িত্ব নিয়েছেন কমিশনের সুপারভাইজার।
টাউন ইলেক্ট্রোল রোল সুপারভাইজার তাপস চক্রবর্তী জানিয়েছেন, মোট ভোটার সংখ্যা ৮১২ হলেও ৭৫০টি ফর্ম বিলি করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৪০০ ফর্ম সংগ্রহ করেও জমা দেওয়া হয়নি। অভিযোগ আরও উঠেছে, ফরিদা কাজ করতে অস্বীকার করছেন এবং তাঁর স্বামী কমিশনের এক কর্মকর্তাকে ভয় দেখাচ্ছেন।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ফরিদা একা নন। এর আগে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাতজন বিএলও’কেও শোকজ করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল সঠিকভাবে ডিজিটাইজেশন না করার।
এদিকে নির্বাচন কমিশনের গ্রাউন্ড লেভেলে কাজের অন্যতম স্তম্ভ হল বুথ লেভেল অফিসার (বিএলও)। তাঁদের দায়িত্ব ভোটার তালিকা সংশোধন, নতুন নাম অন্তর্ভুক্ত করা, এবং তথ্য যাচাই করা। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে, এই দায়িত্ব পালনে নানা সমস্যা তৈরি হচ্ছে। আর মহেশতলার ঘটনায় ভোটারদের আতঙ্কিত হওয়া স্বাভাবিক কারণ দেখা যাচ্ছে, ফর্ম বিলি হলেও পূর্ণ করা ফর্ম জমা হয়নি।এর আগে বেলেঘাটা বিধানসভায় সাতজন বিএলওকে শোকজের ঘটনায় এটা স্পষ্ট যে সমস্যা বিচ্ছিন্ন নয়, বরং একাধিক জায়গায় একই ধরনের অভিযোগ উঠছে। এই ঘটনাটি শুধু একজন বিএলও’র গাফিলতি নয়, বরং একটি প্রশাসনিক সংকটের প্রতিফলন। অতিরিক্ত কাজের চাপ, পর্যাপ্ত প্রশিক্ষণ ও তদারকির অভাব, এবং দায়িত্ব পালনে অনীহা;সব মিলিয়ে নির্বাচন কমিশনের গ্রাউন্ড লেভেলের কার্যকারিতা প্রশ্নের মুখে।

