পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালকে নিয়ে ডিএমকের মন্তব্যে বিতর্ক
ব্যুরো রিপোর্ট
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবিকে কটাক্ষ তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র। শুক্রবার ওই দলের রাজ্যসভার সাংসদ পি উইলসন সমাজমাধ্যমে রবিকে খোঁচা দিয়ে লেখেন, “উনি যেখানেই যান, সেখানেই সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের মৃত্যু হয়।” একই সঙ্গে তাঁর সংযোজন, “পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূলে থাকা ভাল বন্ধুদের জন্য আমার খারাপ লাগছে।”
তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের সরকারের সঙ্গে গত কয়েক বছরে বার বার সংঘাতে জড়িয়েছেন রবি। গত বছর স্বাধীনতা দিবসে তামিলনাড়ুর রাজ্যপাল রবির চা-চক্রে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। ২০২৩ সাল থেকে রাজভবনে সেই চা-চক্র বয়কট করে চলেছে স্ট্যালিনের সরকার। কয়েক বছর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপালকে বরখাস্ত করার দাবি জানিয়েছিল তামিলনাড়ু সরকার। চলতি বছরের শুরুতে তামিলনাড়ু বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তোলেন রাজ্যপাল রবি। সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ না-করেই ছাড়েন অধিবেশন।

