আগামী মার্চেই ১ কোটি পারিবারের কাছে পানীয়জল

কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ

জেলার প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছে নলবাহিত পরিশ্রুত পানীয়জল। ঢালাই রাস্তার গা দিয়ে গর্ত খুলে গ্রামবাসীদের বাড়ি-বাড়ি পানীয়জল পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার। এতে করে পানীয়জলের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন গ্রামবাসীরা। সরকারের লক্ষ্যমাত্রা, আগামী বছর মার্চ মাসের মধ্যে রাজ্যের এক কোটি পরিবারের কাছে পানীয় জল পৌঁছে দেবে পশ্চিমবঙ্গ সরকার।

জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, জল জীবন মিশন প্রকল্পে হাওড়া জেলার আমতা-২ ব্লকে সবচেয়ে ভালো কাজ হয়েছে। প্রত্যন্ত এলাকা উত্তর ও দক্ষিণ ভাটোরায় বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আনুমানিক ব্যয় সাত কোটির বেশি। এতে করে এলাকায় যে অপ্রতুল পানীয় জলের সমস্যা ছিল তা মিটবে। গ্রামীণ হাওড়ার একটা বড় অংশে মাটির তলা দিয়ে নলবাহিত পানীয়জল পৌঁছে দেওয়ার কাজ চলছে গঙ্গার পাশেই কালীনগরে। এই প্রকল্পে গ্রামীণ হাওড়ার শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলে পৌঁছে যাবে পানীয়জল। প্রায় ২০ একর জায়গা জুড়ে নির্মাণ কাজ চলছে। যারমধ্যে থাকছে জলাধার এবং জল পরিশোধন কেন্দ্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাইয়ের ‘জল স্বপ্ন’ প্রকল্পে একের পর এক এলাকায় পানীয়জল পাঠানোর কাজ চলছে। মূলত গ্রামীণ এলাকায় পানীয়জলের সংকট মেটাতেই এই প্রকল্প। এতে করে সুবিধা মিলবে গ্রামবাসীদের। আগামী অর্থ বর্ষের মার্চ মাসের মধ্যেই রাজ্যের এক কোটি পরিবারের কাছে পানীয়জল পৌঁছে দেবে পশ্চিমবঙ্গ সরকার। যা রেকর্ড হতে চলেছে এমনটাই জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে।

গত সেপ্টেম্বর মাস অবধি রাজ্যের ৬৬ লক্ষের বেশি বাড়িতে পাইপলাইনের মধ্য দিয়ে পৌঁছেছে পানীয়জল। জল স্বপ্ন মিশন প্রকল্পে গতি আনতে একাধিক পদক্ষেপ নিচ্ছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর এমনটাই জানা যাচ্ছে। ২০২৪ সালের মধ্যে গ্রাম-বাংলায় ১কোটি ৮৩ লক্ষ পরিবারের কাছে বিশুদ্ধ পানীয়জল পৌঁছাতে চলেছে। যা সর্বকালীন রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *