ইমরানকে মানসিক নির্যাতন

রাজন্যা নিউজ ব্যুরো, ৩ ডিসেম্বর কারাবন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন উজমা খান। এই সময় ভাইয়ের সঙ্গে ২০ মিনিট কথা বলেন উজমা। সাক্ষাৎ শেষে উজমা খান বলেন, ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে কিন্তু তিনি খুব রেগে ছিলেন। তিনি জানান, ইমরানকে একটি কক্ষে সারাক্ষণ বন্দি করে রাখা হয়েছে এবং কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে। এরজন্য তিনি পাকিস্তান সেনা প্রধান অসীম মুনিরকে দায়ী করেছেন। ইমরান খান দীর্ঘদিন ধরেই এই কারাগারেই বন্দি রয়েছেন। এর আগে জিও নিউজের তথ্য অনুযায়ী, উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তিনি পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে কারাগারের ভেতরে দেখা করতে পারবেন। যাওয়ার আগে তিনি আরেক বোন আলিমা খানের সঙ্গে কথা বলেন। পিটিআইয়ের চলমান কর্মসূচির কারণে আদিয়ালা কারাগারমুখী ফ্যাক্টরি নাকা এলাকায় কঠোর নিরাপত্তা রাখা হয়েছে। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নারী পুলিশ সদস্যসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। দাঙ্গাবিরোধী ব্যারিকেডও বসানো হয়েছে। এত বাধা সত্ত্বেও আলিমা, উজমা ও তাদের অন্যান্য বোনেরা হেঁটেই কারাগারের দিকে রওনা দেন। তবে গোরখপুর তল্লাশিচৌকিতে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ একাধিক মামলার বিচার চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *