রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত! ট্রাম্পের দাবি ওড়াল নয়াদিল্লি

রাজন্যা নিউজ ব্যুরো

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘উনি (মোদি) আজ আমাকে জানিয়েছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমরা চাই চিনও একই পথে হাঁটুক।’

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক বিবৃতি দিলেও সেখানে ট্রাম্পের প্রসঙ্গ বা দাবির উল্লেখ নেই। যে বিবৃতি এদিন নয়াদিল্লি দিয়েছে সেখানে সরাসরি ট্রাম্পের দাবি খারিজ করা হয়নি। বলা হয়েছে, দেশে ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাকেই ভারত অগ্রাধিকার দিয়ে থাকে। তেল কেনার সময় সেই বিষয়টিকে মাথায় রাখা হবে। এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘যথেষ্ট পরিমাণে তেল এবং গ্যাস আমদানি করে থাকে। বিশ্বের জ্বালানির বাজারে অস্থিরতার আবহে ভারতের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাকেই আমরা বরাবর অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের আমদানি সংক্রান্ত নীতি এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই পরিচালিত হয়। ভারত তেল কেনার বাজারকে আরও বিস্তৃত এবং বৈচিত্র্যময় করতে চায়।’ এত কিছু বললেও বিবৃতিতে কোথাও ট্রাম্প বা মার্কিন প্রশাসনের দাবি প্রসঙ্গে কিছু বলা হয়নি, বা সেই দাবিকে খারিজ করা হয়নি। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যথারীতি কংগ্রেস এই ইস্যুতে নরেন্দ্র মোদিকে নিশানা করছে।

ঘটনা হল বিভিন্ন সময়ে ভারত পরিষ্কার বলে দিয়েছে কোন দেশের কাছ থেকে জ্বালানি তেল কেনা হবে সেটা একান্তই নয়াদিল্লির ব্যক্তিগত ব্যাপার। সেখানে অন্য কোনও দেশের বলার কিছু থাকতে পারে না। তাই ট্রাম্পের দাবি যদি সত্যি হয়ে থাকে, তাহলে বলতে হবে সেই অবস্থান থেকে নয়াদিল্লি কেন সরতে চাইছে? এর উত্তর চাইবে দেশবাসী।
উল্লেখ্য, রুশ-ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বহু গুণে বাড়িয়েছে ভারত। বর্তমানে ভারতের তেলের প্রায় ৩৫ শতাংশই আসে রাশিয়া থেকে, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ছিল মাত্র ০.২ শতাংশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসাবে রুশ তেলের অন্যতম বড় ক্রেতা এখন ভারতই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *