পরীক্ষা দিয়ে ফেরার পথে বাইক দুর্ঘটনা মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
কল্যাণ অধিকারী
মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৬ ছাত্রের মধ্যে একজনের মৃত্যু হল কলকাতার এসএসকেএম হাসপাতালে। বাকি ছাত্রদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনার জেরে শোকের ছায়া হাওড়ার জগৎবল্লভপুরে। মৃত পড়ুয়ার নাম সেখ তৌহিদ মিদ্দে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হাঁটাল বিশালাক্ষ্মী উচ্চ বিদ্যালয় থেকে ইতিহাস পরীক্ষা দিয়ে ফিরছিল ৬ ছাত্র। পাতিহাল মনসাতলার কাছে দুটি বাইকে করে ফেরার সময় কোনভাবে হ্যান্ডলে লেগে ছিটকে পড়ে তাঁরা। গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এরপরেই স্থানীয়রা উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। তৌহিদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোরে তৌহিদের মৃত্যু হয়।
বড়গাছিয়া প্রিয়নাথ পাঠশালার ছাত্র ছিল তৌহিদ। সন্তোষপুর এলাকার বাসিন্দা ছিল। শুক্রবার দুপুরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল তৌহিদ। কিন্তু পাতিয়াল মনসাতলায় এসে দুটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। এলাকার লোকজন বলছেন, তৌহিদ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার এই অকাল প্রয়াণ কেউই মানচে পারছেন না। বিষাদের ছায়া গোটা এলাকায়। বিষাদের ছায়া স্কুলেও।

