আজ কলকাতায় মেসি শনিবার যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী, সৌরভ, লিয়েন্ডার এবং শাহরুখ
রাজন্যা নিউজ ব্যুরো
এটাই প্রথম নয়, ২০১১ সালে কলকাতায় এসেছিলেন তিনি। আজ ১৪ বছর পর আবার কলকাতায় লিওনেল মেসি, সাড়ে ১২ ঘণ্টার কলকাতা সফরে মেসির সঙ্গে যুবভারতীর একই মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, বলিউড বাদশা শাহরুখ, বাংলার গৌরব সৌরভ এবং টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজও। যুবভারতীতে ফুটবল এবং বিনোদনের ককটেল বলা যায়।
মেসির আগমনে সেজে উঠেছে যুবভারতী। মেসির ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর কয়েক ঘন্টা তারপরই লটারির মতো যাঁরা টিকিট কেটেছেন বলা ভাল অন লাইনে বুক করতে পেয়েছেন সামনে থেকে মেসিকে দেখার সুযোগ পাবেন।
বাঙালি মানেই খাদ্যরসিক। তাই মেসিকে বাঙালি খাবার খাওয়ানো হবে না, তা কী করে হয়! পাঁচতারা হোটেলেই রাখা হচ্ছে সেই বন্দোবস্ত। শতদ্রু দত্ত জানিয়েছেন, বাঙালি খাবার দিয়ে একটা টেবিল সাজানো হবে। থাকবে চিংড়ি, থাকবে ইলিশ। ধুতি-পঞ্জাবীর ব্যবস্থা রাখা হচ্ছে। সেই পোশাক পরানোর চেষ্টা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা।
২০১১ সালের ২ সেপ্টেম্বর যুবভারতীতে ভেনেজুয়েলার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন লিওনেল মেসি। সে বার কলকাতায় খেলে যাওয়া মেসির বিশ্বকাপ ছিল না। এ বার তিনি বিশ্বজয়ী অধিনায়ক।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কয়েক ঘণ্টার জন্য শহরে। শনিবার কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাঁর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বিধাননগর পুলিশ।
এ বারের মেসি বিশ্বজয়ী অধিনায়ক। ট্রফি এখনও তাঁর দখলে। কয়েক দিন আগে ইন্টার মায়ামিকে প্রথম বার এমএলএস কাপ চ্যাম্পিয়ন করেছেন। মেসির যে সফরসূচি জানা গিয়েছে, তাতে এ শহরের বিশ্রামের তেমন সুযোগ নেই। কয়েক ঘণ্টা হয়তো দু’চোখের পাতা এক করবেন না তাঁর ভক্তেরাও।
কলকাতায় পেলে এসেছেন। দিয়েগো মারাদোনা এসেছেন। মেসিও এসেছেন। আবার আসছেন। শুক্রবার রাত ১.৩০ মিনিটে কলকাতার পা মেসির। হিসাব অনুযায়ী অবশ্য শনিবার হয়ে যাবে। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই তৈরি হয়ে নিতে হবে তাঁকে। শনিবার সকাল ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট পর্ব। সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি নিজের মুর্তি উন্মেচন করবেন মেসি। ১১.১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে রওনা দেবেন। ১১.৩০ মিনিটে মাঠে আসবেন শাহরুখ খান। দুপুর ১২টায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দুপুর ১২ থেকে ১২.৩০ পর্যন্ত সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব। সব শেষে একটি হুডখোলা জিপে করে যুবভারতী প্রদক্ষিণ করবেন মেসি। অনুষ্ঠান শেষে বিমানবন্দরে চলে যাবেন মেসি। দুপুর ২টোয় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন। সব মিলিয়ে সাড়ে ১২ ঘণ্টা কলকাতায় থাকবেন মেসি।
শনিবার মেসি ছাড়াও যুবভারতীর অনুষ্ঠানে থাকবেন বহু বিশিষ্ট মানুষ। তাই নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। মূল দায়িত্ব বিধাননগর পুলিশ কমিশনারেটের হলেও কলকাতা এবং রাজ্য পুলিশ সব রকম ভাবে সাহায্য করবে। বিভিন্ন পুলিশ জেলা কমিশনারেট থেকে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবলদের নিয়ে আসা হবে। থাকবে র্যাফ। সব মিলিয়ে প্রায় ২০০০ পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। গাড়ি রাখার ক্ষেত্রেও শুক্রবারই নির্দেশিকা জারি করেছে বিধাননগর পুলিশ।

