দুর্যোগপূর্ণ আবহাওয়া টোটো চেপেই ‘দুয়ারে বিধায়ক’, পরিদর্শন করলেন মেগা ভ্যাকসিন ক্যাম্প

কল্যাণ অধিকারী

দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে টোটোয় চেপে আমতা-২ ব্লকের বিস্তীর্ণ এলাকায় সোমবার দিনভর জনসংযোগ ও ভ্যাকসিন ক্যাম্প পরিদর্শন করলেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল। দ্বীপাঞ্চল থেকে সাবসিট সর্বত্র বিভিন্ন কর্মসূচি পালনে তাঁর বাহন ছিল টোটো।

রবিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার আমতা-২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মেগা ভ্যাকসিন ছিল। এদিন সাড়ে চার হাজার গ্রামবাসী প্রথম ডোজ নিলেন। সেইমতন সমস্ত আয়োজন করা হয়। ঝামটিয়া কৃষাণ মান্ডি, সেহাগোড়ী হাইস্কুল, উত্তর ভাটোরা হাইস্কুল সহ তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করা হয়। পুজোর পরেই ভ্যাকসিন দেওয়ার কাজে জোর দেওয়া হয়েছে। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে বিধায়কের উদ্যোগে দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজোর মধ্যে ১০হাজার গ্রামবাসীকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেইমতন ব্যবস্থাপনায় কোন খামতি রাখতে চাননি। বৃষ্টি উপেক্ষা করে টোটোয় চেপে দিনভর উত্তর থেকে দক্ষিণ সর্বত্র দৌড়াদৌড়ি করলেন বিধায়ক।

সুকান্ত পাল জানান, “প্রবল বৃষ্টি হচ্ছে বহু এলাকায় গাড়ীতে করে যাওয়া সম্ভবপর ছিল না। গ্রামবাসীদের বিভিন্ন পত্র দেওয়া, জনতার দরবারে যাওয়া, ভ্যাকসিন ক্যাম্প পরিদর্শন সমস্তটাই টোটোয় চেপে করতে হয়েছে। মানুষের কাছে পৌঁছানো দরকার ছিল। টোটো চেপেই পৌঁছেছি। কাজকর্ম মিটিয়েছি দিনভর।”

জনসংযোগের বার্তা দেওয়ার পাশাপাশি, মেগা ভ্যাকসিন ক্যাম্প পরিদর্শন করলেন। একদিনে সাড়ে চার হাজার গ্রামবাসী ভ্যাকসিন পেলেন সুষ্ঠুভাবে। লক্ষ্মী পুজোর মধ্যে মোট ১০হাজার গ্রামবাসীকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাপনা করলেন টোটো চেপেই। দুর্যোগ বা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর কাজ একটানা করে চলেছেন বিধায়ক সুকান্ত পাল। বিধায়ককে নতুন ভূমিকায় দেখে খুশি আমতা-২ ব্লক এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *