ভাটোরায় নলবাহিত পানীয়জল প্রকল্পের উদ্বোধনে বিধায়ক
কল্যাণ অধিকারী
আমতা-২ ব্লকের ভাটোরা এলাকায় পানীয় জল প্রকল্পের শুভ সূচনা হল শনিবার। ৪৫ দিনের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এর দ্বারা তিনটি মৌজা এলাকার মানুষজন উপকৃত হবে এমনটাই জানা গেছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়ের সহযোগিতায় গ্রামীণ হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা এলাকার বাসিন্দাদের পানীয়জল প্রকল্পের শুভ সূচনা অনুষ্ঠিত হল শনিবার। এই উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল। উদ্ঘাটনের ফলে দক্ষিণ ভাটোরায় বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের ব্যবস্থা করা হল। জানা গেছে, মূল প্রকল্পের জন্য অনুমোদিত ব্যয় সাত কোটি টাকারও বেশি। উপকৃত হবে তিনটি মৌজা এলাকা ময়ুরচক, উত্তর ভাটোরা, দক্ষিণ ভাটোরা।
সুকান্ত পাল বলেন, “দক্ষিণ ভাটোরায় নলবাহিত পানীয়জলের প্রকল্পটি ৪৫দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে। ২২০০ টি পরিবার একযোগে নলবাহিত পানীয়জল পাবেন। উপকৃত হবেন কয়েক হাজার মানুষজন।”
দ্বীপাঞ্চলের মানুষদের কাছে পানীয়জল পৌঁছে যাওয়ায় খুশি গ্রামবাসীরা। এদিন উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু মানুষজন।

