বিদ্যালয়ের পঠন মেলায় পড়ুয়াদের কর্মকুশলতায় তাজ্জব এস.আই ম্যাডাম
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলিতে নতুন বছরের প্রথম সপ্তাহে পালিত হচ্ছে ‘স্টুডেন্টস উইক’। এই উদ্যোগকে যথাযথ রুপ দিতে গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত মেনকা স্মৃতি বিদ্যামন্দির (নিম্ন বুনিয়াদি) বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘পঠন মেলা’। আবৃত্তি, গল্পপাঠ এবং গল্প বলার সুস্থ প্রতিযোগিতায় যোগ দিল পড়ুয়ারা।
জানা গেছে, শিক্ষার মান উন্নয়নের স্বার্থে এবং শিক্ষার্থীদের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য শিক্ষা দফতরের বিশেষ উদ্যোগে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘স্টুডেন্টস উইক’। এদিনের পঠন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন এ.আই এবং আমতা পশ্চিম চক্রের এস.আই। মঞ্চে উপবিষ্ট অতিথিদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরল ছাত্র-ছাত্রীরা। এই দিনটার জন্য কয়েক মাস ধরে নাচ, গান, আবৃত্তির প্রশিক্ষণ নিয়েছে। সবটাই স্কুলের গন্ডির মধ্যে করিয়েছেন স্কুলের শিক্ষকেরা। পড়ুয়াদের কর্মকুশলতায় অতিথিবর্গ রীতি মতো তাজ্জব বনে গিয়েছেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় উপহার। পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক দু’হাত ভরে আশীর্বাদ করলেন এস.আই ম্যাডাম সহ অন্যান্য অতিথি।
শিক্ষক সৌভিক চৌধুরী জানান, “ওরা আবৃত্তি-সঙ্গীত-গল্পপাঠ-নৃত্য শৈলীতে আরো অনেক এগিয়ে যাক। আগামী দিনে বারবার বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করুক। এটুকুই আমাদের প্রার্থনা। আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ছাত্র ছাত্রীদের আনন্দদায়ক শিক্ষাদানের একাধিক কর্মসূচি এবং প্রতিযোগিতা।”
উল্লেখ্য, রাজ্যজুড়ে পালিত হবে ‘স্টুডেন্ট উইক’। পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে রাজ্যের প্রতিটি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ শুভেচ্ছা বার্তা। রাজ্যের সমস্ত পড়ুয়ার উজ্জ্বল ভবিষ্যতের কামনায় এই চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইমতন আমতা-২ ব্লকের মেনকা স্মৃতি বিদ্যামন্দির (নিম্ন বুনিয়াদি) বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘পঠন মেলা’। একি সঙ্গে বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা ‘সোপান’ এর আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।

