আমতা রসপুরে শুরু হল সপ্তাহব্যাপী ঐতিহ্যের দামোদর মেলা
কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ
ঐতিহ্যকে সাক্ষী রেখে দামোদর নদের তীরে রসপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে বুধবার শুরু হল দামোদর মেলা। ৩১ তম বর্ষে সাত দিনের মেলার সূচনা করলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। মেলার বিভিন্ন স্টলে ঘুরে বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে খুঁজে দেখলেন। মন্ত্রীকে সমস্তটা পরিচয় করিয়ে দিলেন বিধায়ক নির্মল মাজি।
বঙ্গে শীত মানেই মেলা ও উৎসবের হিরিক। গ্রামীণ হাওড়ার আমতার রসপুর, কলিকাতায় হালকা শীতের আমেজেই বুধবার থেকে বসলো দামোদর মেলা। মূল মঞ্চ সাজানো হয়েছে, ‘বাংলার সৃজন মাটি শিল্প সংস্কৃতির ঘাঁটি’। ৩৩টি স্টল থাকছে। যার মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়ান মিউজিয়াম, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মহকুমা তথ্য সংস্কৃতি, জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের স্টল। এবার বিশেষ করে নজর কাড়বে ছৌনাচ, ভারতীয় লোক যুদ্ধের নৃত্য রায়বেশে, মানব পুতুল, যাত্রাপালা, নাটক জানান দামোদর মেলা কমিটির অন্যতম সদস্য সামসের আলী খান।
মেলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ। তার পাশেই সুন্দর ও মনোরম পরিবেশে সাত দিন মেলা অনুষ্ঠিত হবে। মেলার ছাউনির ভিতরে ৩৩টি স্টল করা হয়েছে। প্রতি স্টলের উপর হেমাবতী সেন, রোনাল্ড রস, বিষ্ণুপদ মুখোপাধ্যায়, কাদম্বিনী বসু গাঙ্গুলী সহ বিখ্যাত মানুষদের নাম। স্টলে থাকছে গ্রাম বাংলার হস্তশিল্পের কারু কাজ, চট শিল্পের কাজ, বিভিন্ন প্রাণীর খোঁজখবর, থাকছে স্বাস্থ্য সচেতনতা, পানীয়জল ব্যবহার সহ বহুকিছু। এছাড়া কাঁচের চুড়ির দোকান, বাদাম জিলাপি থেকে রেস্টুরেন্ট নাগরদোলা সব কিছুর পশরা নিয়ে হাজির বিক্রেতারা।
মেলার উদ্যোক্তা স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা অগ্রগতি। আগামী ১৩ তারিখ অবধি আমতা থানা, পেড়ো ও জয়পুর থানার হাজারো মানুষ ভিড় জমাবেন। পরিদর্শন করবেন বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। দেখবেন বিভিন্ন জীবজন্তুর মডেল। সেই সঙ্গে থাকছে শুধুমাত্র পুরুষদের দ্বারা পরিবেশন করা ভারতীয় লোক যুদ্ধের নৃত্যের একটি ঘরানা ‘রায়বেশে’।

