‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে ভোট যুদ্ধে তৃণমূল কর্মীরা
কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই বিগত সাড়ে ১৪ বছরের উন্নয়নের তালিকা নিয়ে পাঁচালি তৈরি করে তা পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই উন্নয়নের পাঁচালি নিয়েই ভোট যুদ্ধে নামতে শুরু করেছে তৃণমূল। উন্নয়নের পাঁচালি নিয়ে এবার বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। জনসংযোগ বৃদ্ধি করতে এই উন্নয়নের পাঁচালিকেই পাখির চোখ করছে ঘাসফুল শিবির। সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া উন্নয়নের পাঁচালি বাজিয়ে এক মাস ধরে এলাকায় এলাকায় প্রচার চালানো হবে। পাশাপাশি জনসংযোগ আরও শক্তিশালী করতে স্থানীয় মানুষের বাড়িতে বাড়িতে খাবার খাওয়ার কথা বলা হয়েছে। একুশে বিধানসভা নির্বাচন এবং ২৪ এর লোকসভা নির্বাচনের সময়ে বিজেপিকে দেখা গিয়েছিল বাড়িতে বাড়িতে এইভাবে জনসংযোগ করতে। এবার তৃণমূলও বাড়িতে বাড়িতে গিয়ে খাবার খেয়ে জনসংযোগ করার পাশাপাশি স্থানীয় সংßৃñতিক অনুষ্ঠান এবং সভা করার কথা ভাবনা চিন্তা করছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্প মুখ্যমন্ত্রীকে শিখরে তুলে দিয়েছিল। গেম চেঞ্জার হয়ে গিয়েছিল লক্ষ্মীর ভান্ডার। গত লোকসভা নির্বাচনের আগেও টাকার পরিমাণ বাড়িয়ে প্রকল্পের গুরুত্ব বজায় রেখেছিলেন। এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সাড়ে ১৪ বছরের উন্নয়নের খতিয়ান পেশ করেছেন মুখ্যমন্ত্রী। সেটাই আগামী এক মাস ধরে এলাকায় এলাকায় প্রচার করা হবে। বিগত সাড়ে ১৪ বছরে রাজ্যজুড়ে যে উন্নয়ন করা হয়েছে, তারই খতিয়ান তুলে ধরছে তৃণমূল কংগ্রেস। ২০১১ সালের মে মাস থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্পের কিভাবে অগ্রগতি হয়েছে তার জন্য একটি পত্রিকা তৈরি করা হয়েছে। সেগুলি নিয়েই বাড়ি বাড়ি যাবেন নেতাকর্মীরা।

