বিধানসভায় ধুন্ধুমার, নাক ফাটল তৃণমূল বিধায়কের, শুভেন্দু সহ ৫বিজেপি বিধায়ক সাসপেন্ড
রাজন্যা নিউজ ব্যুরো
বিধানসভায় তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতি। শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। নাক ফেটেছে তৃণমূল বিধায়কের। ঘটনার বিষয় পাহাড় থেকে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়েই বিধানসভায় হট্টগোল চলছে বেশ কয়েকদিন। যা সোমবার তুঙ্গে ওঠে। তৃণমূল ও বিজেপি বিধায়কদের হাতাহাতি বেঁধে যায়। আহত হন বেশ কয়েকজন বিধায়ক। নাক ফেটেছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে বিরোধী দলনেতা মেরেছে সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন অসিত মজুমদার। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘তাঁদের বিধায়ক চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলকেও মেরেছে তৃণমূল’।
এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। তাঁরা হলেন বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, নরহরি মাহাতো।

