নভেম্বরের শেষে এসে উধাও শীত

রাজন্যা নিউজ ব্যুরো: কলকাতা নভেম্বরে শুরু থেকে শীতের আমেজ থাকলেও শেষ লগ্নে এসে সেই আমেজে ভাটা পড়েছে। জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হওয়ার আশা করলেও তেমন শীতের আমেজ পাওয়া যাচ্ছে না। কিন্তু বিগত কয়েক দিনের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাতে সেভাবে পড়বে না। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে এই মুহূর্তে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোন সম্ভাবনা নেই।
তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এলাকায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির কাছাকাছি। ফলে সেখানে সকাল থেকেই শীত অনুভূত হচ্ছে। সোয়েটার, মাফলার নিয়ে মানুষকে বাড়ির বাইরে বের হতে হচ্ছে। অন্যদিকে কলকাতায় সকালের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ১৭.৪। আগামী তিনদিন এই তাপমাত্রা বজায় থাকবে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে জেলাগুলোতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়েছে, আগামী তিনদিন কলকাতার তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৯ ডিগ্রির কাছাকাছি। সোমবার পর্যন্ত এমনই তাপমাত্রা বজায় থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের নামতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে। তবে সেখানেও দু’থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। আপাতত বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার দাপট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *