মিঠুনকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ মহিলারা বলেন ‘দিদি অনেক ভালো ‘

কল্যাণ অধিকারী

তিনি মহাগুরু। সিনেমার পর্দায় তাঁর ডায়লগ মুগ্ধ করেছে গ্রাম-বাংলার মানুষদের। আমতার পাত্রপোলে মিঠুন আসছেন বিজেপির পরিবর্তন যাত্রায়। একথা শুনে বিভিন্ন বয়সী মহিলারা রান্নাবান্না ফেলে বেলা দশটাতেই মাঠে হাজির হয়েছিলেন। কিন্তু তিনি সময়ে না আসায় বিরক্ত মহিলারা। বেলা বারোটা নাগাদ চেয়ার ছেড়ে বাড়ির পথ ধরেন। সঙ্গে বিরক্তি প্রকাশ করে বলেন এর থেকে ‘দিদি অনেক ভালো’। মুহূর্তে ভাইরাল ভিডিও। বিষয়টি লুফে নিয়েছে তৃণমূল।

বৃহস্পতিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতার পাত্রপোলে বিজেপির পরিবর্তন যাত্রা ছিল। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থাকার কথা ছিল। দশটায় আসবার কথা থাকলে বেলা বারোটাতেও আসেননি এমনটাই অভিযোগ। অন্যদিকে গ্রামের মহিলারা মহাগুরু কে দেখতে বাড়িতে রান্না ফেলে হাজির হয়েছিলেন। কিন্তু তিনি আসতে দেরি করেন। কাঠফাটা রোদে ধৈর্যচ্যুতি ঘটে উপস্থিত মহিলাদের। ঘরের কাজ, রান্নাবান্না ফেলে এসেছেন। মহাগুরু’র দেখা না পেয়ে ক্ষুব্ধ মহিলারা চেচামেচি শুরু করে দেয়। ক্ষোভের সুরে বললেন, ‘এর চেয়ে দিদি অনেক ভালো। উনি কথা দিলে সেই কাজ সময়ে হয়। বলতে থাকেন দুই মহিলা। তৃণমূলের একাংশের কথায়, এ থেকেই অনুমেয়, মহিলারা দিদিকে চায়। মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখায়। এরপর কটাক্ষের সুরে বলেন, বিজেপির পরিবর্তন যাত্রার পরিণতি কী হতে চলেছে তা মানুষ বুঝে গেছে।

বিজেপির দাবি, মিঠুন দা আসতে একটু দেরি হলেও দুপুরেই মিঠুন চক্রবর্তী আমতার যাত্রায় শামিল হন। দু’একজন কি বলল তা নিয়ে বাজার গরম করার চেষ্টা করছে তৃণমূল। এসআইআর-এ এত ভুয়ো মানুষের নাম বাদ গেছে যে তৃণমূল কি করবে বুঝে উঠতে পারছে না। সফল পরিবর্তন যাত্রা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *