অন্ধের ৭ মৎস্যজীবী ও ট্রলার উদ্ধার দীঘায়

বঙ্গোপসাগরে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন অন্ধ্রপ্রদেশের ৭ জন মৎস্যজীবী। যান্ত্রিক গোলযোগের কারণে সমুদ্রের মাঝে বিকল হয়ে পড়েছিল তাঁদের মাছ ধরার ট্রলার ‘শ্রী মুথিয়ালাম্মা’। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ওই মৎস্যজীবীরা। সমুদ্রের প্রায় ৫০ নটিক্যাল মাইল দূর থেকে বিকল ট্রলার-সহ সেই ৭ জনকে নিরাপদে উদ্ধার করে বুধবার রাতে নিয়ে আসা হয় দিঘা মোহনায়। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠানো হয়েছে।
দিঘা মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা দেয় ‘কালীগঙ্গা’ নামের একটি ট্রলার। দুপুরে জাল ফেলার সময় ট্রলারের কর্মীরা হলুদ রঙের এই বিকল ট্রলারটিকে ভাসতে দেখেন। অচল ট্রলারে আটকে থাকা মৎস্যজীবীরা আতঙ্কে কান্নাকাটি করছিলেন। কালীগঙ্গা ট্রলারের মালিক অরবিন্দ বর্মন জানান, পরিস্থিতি বেগতিক বুঝে তাঁর ট্রলারের মৎস্যজীবীরা দ্রুত দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনে যোগাযোগ করেন। প্রশাসনের পাশাপাশি সংগঠনের পরামর্শে বিপন্ন মৎস্যজীবীদের পাশে দাঁড়ান দিঘার মৎস্যজীবীরা। আটকে পড়া ৭ জনকে চাল, ডাল, প্রয়োজনীয় খাবার এবং পানীয় জল সরবরাহ করা হয়। প্রশাসনিক নির্দেশ মেনে অচল ট্রলারটিকে দড়ি দিয়ে টেনে নিরাপদে দিঘা মোহনায় ফিরিয়ে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *