রিচার নামে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজন্যা নিউজ ব্যুরো
বিশ্বজয়ী রিচা ঘোষকে সম্বর্ধনা জানিয়েছে সিএবি। সোনার মেয়ের হাতে সোনার ব্যাট-বল তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের ডিএসপি (DSP) পদে নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেওয়া হয়েছে ‘বঙ্গভূষণ’ সম্মান। রিচার গলায় সোনার হার পরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম গড়ার ঘোষণা করলেন তিনি।
সোমবার উত্তরবঙ্গে পৌঁছান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনাদের সকলকে অভিনন্দন-কৃতজ্ঞতা জানাই রিচার জন্য। রিচার এত ভাল পারফরম্যান্সের জন্য। মাত্র ২২ বছর বয়স। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে । এখানে গৌতম দেব…শিলিগুড়ির মাটির মেয়ে বলে, পুরো এখানকার সমস্ত নাগরিক মিলে তাকে সংবর্ধনা দিয়েছে। বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি। সিএবি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। সিএবি-র পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু, ওর উদ্দেশে আমি এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চাই। এখানে চাঁদমণিবাগান আছে…প্রায় ২৭ একর জমি আছে। ওটা মেয়রকে বলব, এটা ক্রিকেট স্টেডিয়াম করার জন্য। এই ক্রিকেট স্টেডিয়ামটা…রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক। যাতে মানুষ ওর পারফরম্যান্স মনে রাখবে। ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে।”

