উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা পুলকার উল্টে মৃত ৩

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

উলুবেড়িয়ায় পড়ুয়াদের নিয়ে পুকুরে উল্টে গেল একটি পুলকার। সোমবার বিকালে এই দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের মধ্যে রয়েছে ইশিকা মণ্ডল (৭), সৌভিক দাস (১১), আরিন দাস (৯)। পড়ুয়াদের নিয়ে স্কুল থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় দ্রুত গতিতে থাকা পুলকারটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উলুবেড়িয়া বহিরার কাছে বিকাল সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উলুবেড়িয়ার জগদীশপুর এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ৫ জন ছিল গাড়িটিতে। বহিরা দাসপাড়ার দিকে পড়ুয়াদের নামাতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় গ্রামবাসী। পুলকার থেকে পড়ুয়াদের বের করে সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২ জন গুরুতর আহত। ওই হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে উলুবেড়িয়া থানার পুলিশ। পুকুর থেকে তোলা পুলকারটি আটক করেছে পুলিশ। সেটির ফরেন্সিক পরীক্ষা করে হবে বলে জানানো হয়েছে।

ঘটনার খবর পেয়েই উলুবেড়িয়া হাসপাতালে ছুটে আসেন রাজ্যের জনস্বাস্থ্য দপ্তরের মন্ত্রী পুলক রায়। তিনি বলেন, অত্যন্ত মর্মান্তিক খবর। ঘটনার পরেই তড়িঘড়ি করে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। ওই গাড়িতে পাঁচজন স্কুল পড়ুয়া ছিল। তিনজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *