খানাকুলে গ্রামবাসীরা গড়লেন বাঁশের সেতু
রাজন্যা নিউজ ব্যুরো
মুণ্ডেশ্বরী নদীর সঙ্গে সংযোগকারী অরোড়া খালের উপর বাঁশের সেতু বাঁধলেন গ্রামবাসীরা। তার উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন ৩৫-৪০টি গ্রামের কয়েক হাজার মানুষ। খানাকুলের-১ নম্বর ব্লকের পোল গ্রাম পঞ্চায়েতের পোল গ্রামের ঘটনা।
স্থানীয়দের দাবি, মুণ্ডেশ্বরী নদীর সঙ্গে সংযোগকারী অরোড়া খালের উপর পাকা সেতু নির্মাণের জন্য দীর্ঘ বছর ধরে দাবি জানিয়ে আসছেন আশপাশের গ্রামের মানুষরা। ভোট আসে, ভোট যায়, নিয়ম করে নেতারা আশ্বাস দিয়ে যান। কিন্তু সেই প্রতিশ্রুতি কোনও দিনই পূরণ হয় না। এই অরোড়া খালের পূর্ব দিকে রয়েছে খানাকুল গ্রামীণ হাসপাতাল। রয়েছে বাজার। তাই সরকারের মুখাপেক্ষী না থেকে স্থানীয় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বানিয়ে ফেললেন বাঁশের সেতু। তার উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন আশপাশের অন্তত ৩৫-৪০টি গ্রামের কয়েক হাজার মানুষ।
বিজেপির স্থানীয় বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু খেলা, মেলা, উৎসব নিয়েই মেতে রয়েছে। কিন্তু সেতু তৈরির টাকা নেই। যেটুকু কাজ হচ্ছে, তাতেও কাটমানি খাচ্ছেন শাসক দলের নেতারা।’
তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কো–মেন্টর সেখ হায়দর আলির পাল্টা কটাক্ষ, ‘বিজেপির বিধায়ক তা হলে কী করেছেন? আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী লাগাতার উন্নয়ন করে যাচ্ছেন। মানুষের কল্যাণের জন্য দিন–রাত ভাবছেন। এলাকার মানুষকে বলব, মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন। সেতু ঠিক হয়ে যাবে।’

