গেছো বোড়ার উপদ্রব সুন্দরবনে
রাজন্যা নিউজ, ক্যানিং: এবার গেছো বোড়ার আতঙ্ক। জলে কুমির, ডাঙায় বাঘের দেশ সুন্দরবনে নতুন আতঙ্ক ছড়িয়েছে এই উজ্জ্বল সবুজ রঙের নির্বিষ সাপটি। জানা যাচ্ছে, সুন্দরবনে জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে এই সাপটির উপদ্রব ব্যাপক হারে বেড়েছে। মৎস্যজীবীরাই এই সরীসৃপরটির প্রধান টার্গেট। মৎস্যজীবীদের অনেকেই এই সাপটির আক্রমণের মুখে পড়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের কেউ কেউ চিকিৎসাধীনও। তবে সাধারণ গৃহস্থদের এরা আক্রমণ করে না এমন নয়।
সুন্দরবনের ত্রাস বিষধর কালাচ, কেউটে এবং শঙ্খচূড়। এই তালিকায় ঠাঁই করে নিয়েছে এই নির্বিষ সাপটি। এটি খুব জোরে ছোটে। এটি মারকুটেও। সেই কারণেই আতঙ্ক ছড়াচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। তবে এক সর্প বিশেষজ্ঞ আশ্বাস দিলেন, এই সাপ বিষহীন। তিনি জানিয়েছেন, ‘এই গেছো বোড়াকে ইংরাজিতে পিট ভাইপার বলে। ভাইপার গোষ্ঠীর অন্যান্য সদস্যদের মতো এরাও শিকারকে ছেড়ে দেয় না। তাকে মারা না যাওয়া পর্যন্ত ধরে রাখে। তবে এটি বিষহীন। তাই আতঙ্কিত হবার মতো কিছু নেই। একই সঙ্গে তিনি বলেন, ‘তবে বিষহীন বলে বসে না থেকে কামড়ানোর পরেই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।’

